RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

কালীপুজোয় কলকাতায় ধৃত ৫৯২, বাইক দুর্ঘটনায় মৃত্যু তরুণ-তরুণীর

কালীপুজোর রাতে কলকাতায় শব্দবাজি ফাটানোর অভিযোগে ৫৯২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ই এম বাইপাসে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক তরুণ ও তরুণীর।

দীপাবলির রাতে কলকাতায় শব্দবাজি ফাটানোর অভিযোগে মোট ৫৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কালীপুজোর রাতে প্রায় ২৩৯ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ভোররাত পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগে ২০৫ জন এবং অভব্য আচরণের অভিযোগে ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়। কালীপুজোর রাতে ট্রাফিক পুলিশের কাছে ৫৯৩টি অভিযোগ নথিভুক্ত হয়েছে।

অন্য একটি ঘটনায় কলকাতার ই এম বাইপাসে বাইক রেষারেষির জেরে এক তরুণ ও এক তরুণীর মৃত্যু হয়েছে। মানি স্কোয়ারের উল্টোদিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উল্টোডাঙা থেকে চিংড়িঘাটামুখী চারটি বাইক রেষারেষি করছিল। সেই সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই বাইকচালক তরুণ ও তাঁর পিছনে থাকা তরুণীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাকি বাইকগুলি পালিয়ে যায়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।