পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
৬৮ বছর বয়সে এলএলবি পাশ, আইনজীবী হওয়ার স্বপ্নপূরণ বাদুড়িয়ার সোহরাবের
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষে ৬৮ বছর বয়সে এলএলবি পাশ করে আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ করলেন উত্তর ২৪ পরগনার সোহরাব হোসেন।
বয়স যে কেবল একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা সোহরাব হোসেন। ৬৮ বছর বয়সে এসে তিনি সাফল্যের সঙ্গে এলএলবি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ৮২.৮৩ শতাংশ নম্বর পেয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন সোহরাব। ২০২১ সালে অবসর গ্রহণের পর তিনি আইন নিয়ে পড়াশোনার পুরনো ইচ্ছা পূরণ করতে উদ্যোগী হন। সেই লক্ষ্যে ২০২৩ সালে কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি এলএলবি কোর্সে ভর্তি হন। দীর্ঘ বিরতির পর নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে বসে পড়াশোনা করা এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়া—কোনো কিছুই তাঁর অদম্য ইচ্ছাশক্তির কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
শিক্ষক জীবনে সোহরাব স্বরূপনগর ব্লকের বিথারী কে পি হাই স্কুলে কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি বাদুড়িয়ার হাজের আলি স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি প্রাণিবিদ্যা, ইংরেজি এবং ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বর্তমানে তিনি বারাসত জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেছেন। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। আইন নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে গবেষণার ইচ্ছাও রয়েছে তাঁর। সোহরাব হোসেনের মতে, শেখার কোনো নির্দিষ্ট বয়স হয় না। কবি সুনির্মল বসুর আদর্শকে পাথেয় করে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে ছাত্র হিসেবেই দেখতে চান।