RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

৯২ বছরের বৃদ্ধা টপকালেন ৭ ফুটের গেট, ভাইরাল সিসিটিভি ভিডিও

পূর্ব চিনের ইয়ানতাই অঞ্চলে অ্যালঝাইমার্সে আক্রান্ত এক ৯২ বছরের বৃদ্ধা ৭ ফুট উঁচু হাসপাতালের গেট টপকে পালানোর চেষ্টা করেন, যার সিসিটিভি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

বয়স যে কেবল সংখ্যামাত্র, ফের তার প্রমাণ মিলল। পূর্ব চিনের ইয়ানতাই অঞ্চলের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৯২ বছরের এক বৃদ্ধা। অ্যালঝাইমার্সে আক্রান্ত ওই বৃদ্ধার হাসপাতালের পরিবেশ পছন্দ না হওয়ায় তিনি সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রায় ৭ ফুট উঁচু একটি লোহার গেট অনায়াসে টপকে বেরিয়ে যাচ্ছেন ওই নবতিপর। গত বছরের ঘটনা হলেও সম্প্রতি এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃদ্ধার নিখোঁজ হওয়ার কথা সামনে আসতেই তৎপর হয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর খোঁজে চারটি গাড়ি নিয়ে তল্লাশি শুরু হয়। ঘটনার প্রায় ২৫ মিনিট পর হাসপাতালের কাছ থেকেই তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃদ্ধার শৈশব কেটেছে পাহাড়ি ফলের বাগানে কাজ করে। সেই কারণেই তাঁর মধ্যে উঁচুতে চড়ার দক্ষতা রয়েছে। এই ভিডিও দেখে অবাক হয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।