ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
আধার কার্ড জন্মতারিখের চূড়ান্ত প্রমাণ নয়, স্পষ্ট জানাল দিল্লি হাই কোর্ট
দিল্লি হাই কোর্ট এক রায়ে জানিয়েছে যে, কেবল আধার কার্ডের উপর ভিত্তি করে কারও জন্মতারিখ নির্ধারণ করা যায় না।
কারও জন্মতারিখের চূড়ান্ত প্রমাণ হতে পারে না আধার কার্ড। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে দিল্লি হাই কোর্ট। এক মহিলার অবসরের মামলায় এই রায় দিয়েছে আদালত।
জানা গিয়েছে, ওই মহিলার জন্মতারিখ নিয়ে নথিতে ফারাক ছিল। তাঁর নিয়োগকর্তা ২০১৭ সালে আধার কার্ডে থাকা জন্মতারিখকে ভিত্তি করে তাঁকে অবসর নিতে বলেন। মহিলার দাবি ছিল তাঁর বয়স এখনও হয়নি। এর আগে শ্রম আদালত তাঁর চাকরিচ্যুতিকে অবৈধ ঘোষণা করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় হাই কোর্টে।
বিচারপতি মনোজ কুমার শ্রম আদালতের রায়ই বহাল রেখেছেন। আদালত জানিয়েছে, আধার কার্ডে উল্লিখিত জন্মতারিখের সমর্থনে অন্য কোনও নথি নেই। ইএসআইসি নথিতে মহিলার জন্মতারিখ অন্য ছিল। হাই কোর্টের পর্যবেক্ষণ, কেবল আধার কার্ডের উপর ভিত্তি করে কারও বয়স বা জন্মতারিখ নির্ধারণ করা যায় না।