ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ডিলিমিটেশন বিল নিয়ে তীব্র আক্রমণ আম আদমি পার্টির
লোকসভায় ডিলিমিটেশন বিল পেশ হওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আম আদমি পার্টি এবং রাষ্ট্রীয় জনতা দল।
সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। সোমবার লোকসভায় ডিলিমিটেশন বিল পেশ হওয়ার কথা রয়েছে। তার আগেই এই বিলের বিরুদ্ধে সরব হয়েছে আম আদমি পার্টি। তাদের দাবি, আগামী ২৫ বছর বিজেপি যাতে ক্ষমতায় থাকতে পারে, সেই ব্যবস্থার জন্যই এই বিল আনা হচ্ছে।
আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ এই বিলটিকে তীব্র আক্রমণ করে একে দল বিশেষের সুবিধার উপায় বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, বিলটি পাস হওয়ার পরেই আসল পরিস্থিতি তৈরি হবে। এতদিন যারা এই বিলের বিরোধিতা করেও এখন সমর্থনের কথা ভাবছে, বিরোধী দলগুলির সেই সিদ্ধান্ত ভুল হবে বলে মন্তব্য করেছেন তিনি। অসমে সীমানা পুনর্বিন্যাসের উদাহরণ টেনে তিনি জানান, সেখানে ভোটার সংখ্যায় বড় ফারাক রেখে লোকসভা কেন্দ্র তৈরি করা হয়েছে।
দিল্লিতে আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজও একই সুরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন। তাঁর বক্তব্য, ডিলিমিটেশন কার্যকর করার মাধ্যমে লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলিকে নিজেদের সুবিধামতো সাজাতে চাইছে শাসক দল। পাশাপাশি মহিলাদের সংরক্ষণ এবং নারী মুখ্যমন্ত্রী না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ ঝাও এই বিলের বিরোধিতায় মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, ডিলিমিটেশনের ক্ষেত্রে ২০১১ সালের তথ্যকে ভিত্তি করা হচ্ছে, অথচ শীঘ্রই নতুন তথ্য সামনে আসার কথা। এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট কিছু নির্বাচনী ক্ষেত্র চিরস্থায়ী করার পরিকল্পনা রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।