বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
মুম্বইয়ে নতুন ফ্ল্যাট ভাড়া নিলেন আমির খান, মাসিক খরচ ৩৮ লক্ষ টাকা
সান্তাক্রুজ এলাকায় তিনটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিলেন অভিনেতা আমির খান, মাসিক ভাড়া ৩৮ লক্ষ টাকা।
বলিউড অভিনেতা আমির খান মুম্বইয়ের সান্তাক্রুজ পশ্চিম অঞ্চলে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। এই আবাসনগুলির মোট ক্ষেত্রফল বারো হাজার দুশো বর্গফুট। এর সঙ্গে ন’টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। চার বছরের চুক্তিতে এই আবাসনগুলির জন্য মাসিক ভাড়া গুণতে হবে ৩৮ লক্ষ টাকা। আগামী ২০২৭ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হতে চলা এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ভাড়ার পরিমাণ পাঁচ শতাংশ করে বৃদ্ধি পাবে।
পালি হিল এলাকার দুটি আবাসন পুনর্নির্মাণের কাজের জন্যই আমির খানের পরিবার সাময়িকভাবে অন্য ঠিকানায় থাকছে। ওই পুরনো ভবনগুলি ভেঙে পনেরো তলার নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। রিয়েল এস্টেট নথি থেকে জানা গিয়েছে, গত ১২ নভেম্বর অভিনেতা এবং ডেভেলপার সংস্থার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিপত্রে উল্লেখ রয়েছে, রক্ষণাবেক্ষণ খরচ ও সম্পত্তি কর বহন করবেন মূল মালিক। তবে ওই ফ্ল্যাটগুলিতে স্থায়ী কোনো পরিবর্তন বা কাঠামোগত সংযোজন করতে পারবেন না অভিনেতা।
এর আগে ২০২৫ সালেও পালি হিলে অন্য একটি আবাসন পুনর্নির্মাণের কারণে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন আমির। সেই ফ্ল্যাটগুলির মাসিক ভাড়া ছিল চব্বিশ লক্ষ টাকার বেশি। নতুন ভাড়ার চুক্তি অনুযায়ী, বছরে আমিরের মোট খরচ হবে চার কোটি ছাপান্ন লক্ষ টাকা।