RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন, পুলিশ প্রশাসনকে নিশানা অভিষেকের

রাজ্যে ধারাবাহিক এনকাউন্টার এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে পুলিশ প্রশাসনকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের একাধিক এনকাউন্টার নিয়ে এবার পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লি থেকে কলকাতায় ফিরে তিনি দাবি করেন, রাজ্যে আইনের শাসন নেই এবং অপরাধীরা অতিরিক্ত শক্তি অর্জন করছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, এনকাউন্টার দিয়ে অপরাধ দমন করা সম্ভব নয়। তাঁর প্রশ্ন, এনকাউন্টার যদি সমাধান হতো, তবে রাজ্যে গত চার-পাঁচ মাসে এতগুলি ধর্ষণ ও খুনের ঘটনা ঘটল কেন? পুলিশ দুর্বল হয়ে পড়ায় অপরাধীরা অস্ত্র ছিনিয়ে পালাচ্ছে এবং পুলিশের ওপর গুলি চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তৃণমূল সাংসদ আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং এনকাউন্টার করা বিচারব্যবস্থাকে উপেক্ষা করার শামিল। অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত, তবে তা অবশ্যই আইনের পরিধির মধ্যে থেকে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পুলিশ নিজের আত্মরক্ষা করতে না পারলে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা পাবে, সেই প্রশ্নও তোলেন অভিষেক।