পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
জ্ঞানেশ কুমারকে কটাক্ষ ও পুলিশকে হুমকি, অভিষেককে জোড়া তলব পুলিশের
মুখ্য নির্বাচন কমিশনারকে কটাক্ষ এবং পুলিশকে হুমকি দেওয়ার পৃথক দুটি ঘটনায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল পুলিশ।
মুখ্য নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে পুলিশ। আগামী শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে ভবানীপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। গত ২৭ মে ভবানীপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন অর্ণবকান্তি দাস। তাঁর অভিযোগ ছিল, ওই পোস্টে গুজরাটিদের ভাবাবেগে আঘাত হেনেছেন অভিষেক। জ্ঞানেশ কুমারকে 'বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল' বলে কটাক্ষ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
অন্যদিকে, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে গিরিশ পার্ক থানার পুলিশ। আগামী ২০ নভেম্বর তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৯ অক্টোবর অভিষেক সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেছিলেন, সরকার বদল হলে পুলিশ অফিসারদের দেখে নেওয়া হবে। সেই হুমকির পরেই ৩১ অক্টোবর এক মহিলা তাঁর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের করেন। শুক্রবার সন্ধ্যায় সেই মামলার নোটিস গ্রহণ করে অভিষেকের পরিবার।