কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
বারাসত গভমেন্ট কলেজে বিক্ষোভ, মানচিত্র বিকৃতির অভিযোগ উঠল ছাত্রীর বিরুদ্ধে
ভারতমাতার ছবিতে জম্মু-কাশ্মীরের মানচিত্র বাদ দেওয়ার অভিযোগে বারাসত গভমেন্ট কলেজে বিক্ষোভ দেখাল এবিভিপি। সোমবার আলোচনার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ভারতমাতার ছবিতে জম্মু-কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগে বারাসত গভমেন্ট কলেজে বিক্ষোভ দেখাল এবিভিপি। রাজ্য সরকারের পক্ষ থেকে বাল্যবিবাহ বিরোধী সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শুক্রবার সেই প্রদর্শনীতেই প্রথম সেমিস্টারের এক ছাত্রী ওই ছবিটি প্রদর্শন করেন। এর পরেই শুরু হয় বিতর্ক। মানচিত্রে ভারতের ভূখণ্ড সঠিকভাবে দেখানো হয়নি বলে দাবি করেন এবিভিপির সমর্থকরা। শনিবারও অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান সংগঠনের কর্মীরা। সংশ্লিষ্ট ছাত্রী ও প্রদর্শনীর দায়িত্বে থাকা শিক্ষকের বহিষ্কারের দাবি জানিয়েছেন তাঁরা। এই বিক্ষোভের কারণে প্রদর্শনীটি বন্ধ করে দেওয়া হয়। আগামী সোমবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সমস্ত পক্ষের আলোচনায় বসার কথা রয়েছে। এবিভিপির নগর কমিটির সম্পাদক কৃষানু বিশ্বাস জানান, ছবিটি যথাযথভাবে যাচাই না করেই প্রদর্শনীতে রাখা হয়েছিল। তাই অবিলম্বে ওই ছাত্রী ও শিক্ষক প্রীতম বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায় জানান, সোমবারের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো ঘটনাটি ইচ্ছাকৃত না কি ভুলবশত ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।