RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রায়গঞ্জে পুলিশের এনকাউন্টারে মৃত নাবালিকা দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্ত, দাবি পুলিশের

রায়গঞ্জে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডের প্রধান অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত হয়েছে।

রাজ্যে ফের এনকাউন্টারের ঘটনা ঘটল। বারুইপুর, গাইঘাটা এবং সামশেরগঞ্জের পর এবার রায়গঞ্জ। রায়গঞ্জের কুলিকের জঙ্গল থেকে এক নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্ত দিলীপ রায় এনকাউন্টারে মারা গিয়েছে। পুলিশের দাবি, ভোররাতে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্তের লুকিয়ে থাকার খবর আসে। সেই মতো ভোর সাড়ে তিনটে নাগাদ সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেখানে পৌঁছে অভিযুক্ত বুঝতে পারে যে পুলিশ তাকে ঘিরে ফেলেছে। এরপর সে নিজের আগ্নেয়াস্ত্র থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিতে আহত হয় দিলীপ রায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে শোরগোল শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।