পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
নানুরে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত, প্রতিক্রিয়া পরিবারের
নানুরে পুলিশের গুলিতে রতন শেখের মৃত্যুর পর প্রতিক্রিয়া জানিয়েছে তাঁর পরিবার।
বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে রতন শেখ নামের এক অভিযুক্তের। গত শুক্রবার এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনার পর রবিবার বর্ধমান থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের সময় তল্লাশির ফাঁকে লুকিয়ে থাকা বন্দুক থেকে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালান তিনি। এরপর আত্মরক্ষায় পালটা গুলি চালায় পুলিশ। গুলিতে গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইন এবং মাদক পাচারের একাধিক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে বাড়ির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুলিশের গুলিতে তাঁর প্রাণ চলে যাক, এমনটা তাঁরা চাননি। পরিবারের দাবি, অপরাধের জন্য পুলিশ তাঁকে ধরে জেলবন্দি করে রাখতে পারত। পরিবারের অন্য এক সদস্যের মতে, অপরাধের শাস্তি হলেও এই পরিণতি মেনে নেওয়া কষ্টকর।