RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

জুতো না থাকায় রেস্তরাঁয় প্রবেশাধিকার নয়, ক্ষোভ উগরে দিলেন অহনা ও দীপঙ্কর

জুতো সংক্রান্ত নিয়মের দোহাই দিয়ে কলকাতার এক রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হল না অভিনেত্রী অহনা দত্ত ও রূপটানশিল্পী দীপঙ্কর রায়কে।

কলকাতার এক নামী রেস্তরাঁয় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়লেন ছোট পর্দার অভিনেত্রী অহনা দত্ত এবং রূপটানশিল্পী দীপঙ্কর রায়। জুতো সংক্রান্ত নিয়মের কারণে তাঁদের রেস্তরাঁর দরজা থেকেই ফিরিয়ে দেওয়া হয়। রবিবাসরীয় ছুটির রাতে নৈশভোজের জন্য ওই রেস্তরাঁয় গিয়েছিলেন এই তারকা দম্পতি। সোশাল মিডিয়ায় রেস্তরাঁটির জনপ্রিয়তা দেখে তাঁরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু রেস্তরাঁয় পৌঁছানোর পরেই তাঁদের জানানো হয়, প্রবেশাধিকার দেওয়া সম্ভব নয়।

অহনা ও দীপঙ্করের দাবি, রেস্তরাঁর ওয়েবসাইটে জুতো নিয়ে এই ধরনের কোনও কড়া নিয়মের কথা উল্লেখ ছিল না। অহনার পায়ে স্টিলেটো এবং দীপঙ্করের পায়ে ক্রকস জুতো ছিল। রেস্তরাঁর তরফে জানানো হয়, খোলা জুতো পরে ভিতরে প্রবেশ করা নিষেধ। এই ঘটনার পরেই রেস্তরাঁর সামনে দাঁড়িয়ে সোশাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেন যুগল।

ভিডিওতে অহনা জানান, এর আগেও তাঁরা অনেক জায়গায় ডিনার করতে গিয়েছেন, কিন্তু এমন অদ্ভুত নিয়ম তিনি কোথাও দেখেননি। দীপঙ্করের পায়ে থাকা সাত হাজার টাকার ক্রকস জুতোটি খোলা নয় বলে দাবি করেন তিনি। তাঁর মতে, ক্রকসের সামনের অংশ সম্পূর্ণ ঢাকা থাকে এবং এটি নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হয়েছে। একরাশ তিক্ত অভিজ্ঞতা নিয়েই শেষ পর্যন্ত তাঁদের রেস্তরাঁ থেকে ফিরে আসতে হয়।