জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছেন, দাবি পরেশ রাওয়ালের
পায়ে চোট পাওয়ার পর দ্রুত সুস্থ হতে টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করার দাবি করেছেন অভিনেতা পরেশ রাওয়াল।
পায়ে গভীর চোট সারাতে টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করার দাবি করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। গত বছর এক সাক্ষাৎকারে এই কথা জানান অভিনেতা। তাঁর দাবি, ‘ঘাতক’ ছবির শুটিংয়ের সময় তাঁর হাঁটুতে গুরুতর চোট লেগেছিল। সেই সময় অ্যাকশন ডিরেক্টর ভীরু আনন্দ তাঁকে সকালের প্রথম প্রস্রাব পানের পরামর্শ দেন। অভিনেতার দাবি, এই উপায়ে তাঁর চোট দ্রুত সেরে যায় এবং চিকিৎসকরাও অবাক হয়ে যান।
অভিনেতার এই দাবি সামনে আসার পর থেকেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রাচীন কিছু গ্রন্থে মূত্র থেরাপির উল্লেখ থাকলেও আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই বিষয়ে ভিন্ন মত পোষণ করছে। চিকিৎসকদের একাংশের মতে, প্রস্রাবে শরীরের বর্জ্য পদার্থ এবং ক্ষতিকর উপাদান থাকে। তাই এটি পান করলে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে বলেই মত বিশেষজ্ঞদের।