RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

টাকা গুঁজে ভিডিও করে তা ফেরত নিচ্ছে ঠগরা, দাবি অভিনেতা শরদ কাপুরের

কঠিন সময়ে আর্থিক সঙ্কটে থাকা অভিনেতা শরদ কাপুরের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ উঠল সোশাল মিডিয়ায়।

কঠিন সময়ের মুখোমুখি বলিউড অভিনেতা শরদ কাপুর। হাতে কাজ নেই এবং শরীর খারাপ। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ ও সলমন খান। তবে এর মাঝেই একদল অসৎ ব্যক্তি তাঁকে নিয়ে প্রতারণা করছেন বলে অভিযোগ। শরদ জানিয়েছেন, কিছু মানুষ প্রচারের স্বার্থে তাঁর হাতে টাকা গুঁজে ভিডিও তুলে তা আবার ফেরত নিয়ে নিচ্ছেন। পাশাপাশি তাঁর নাম করে সোশাল মিডিয়ায় টাকা তোলার অভিযোগও উঠেছে। এহেন ঘটনায় মানসিক অস্বস্তিতে পড়ে বাইরে কারও সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তাঁর বন্ধু হেমা চৌধুরী জানিয়েছেন, শরদের চিকিৎসার ব্যবস্থা করার জন্যই তাঁর দুঃসময়ের কথা প্রকাশ্যে আনা হয়েছিল। তবে তাঁকে নিয়ে এভাবে প্রতারণা ও ট্রোলের শিকার হতে হবে তা ভাবা যায়নি। ভুয়ো ফান্ডিং অ্যাকাউন্টের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।