RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

কাজের অভাব, সিনে সংগঠনের সাহায্য চাইলেন শরদ কাপুর

কাজের অভাবে দিন কাটাচ্ছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা শরদ কাপুর, সাহায্য চেয়ে দ্বারস্থ হলেন সিনে সংগঠনের।

হিন্দি সিনেমার চেনা পরিচিত মুখ অভিনেতা শরদ কাপুর বর্তমানে কাজের অভাবে নানা সমস্যায় দিন কাটাচ্ছেন। তাঁর সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বলিপাড়ায় শোরগোল পড়েছে। মুম্বইয়ের একটি পশুকল্যাণ কেন্দ্রে তাঁকে ভেঙে পড়তে দেখা যায়। দীর্ঘদিনের বন্ধু তথা ওই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা হেমা চৌধুরী তাঁর একটি আবেগঘন ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। এরপরই অভিনেতার শারীরিক অবস্থা ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নেমেছেন খলচরিত্রে একসময়ে তাক লাগানো অভিনেতা নিজেই। কাজের সন্ধানে তিনি ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ বা সিন্টা-র দারস্থ হয়েছেন। তাঁর আবেদন, তিনি ফের ক্যামেরার সামনে ফিরতে চান এবং ভালো কাজের খোঁজ করছেন। শরদ স্পষ্ট জানিয়েছেন, অর্থ তাঁর কাছে এই মুহূর্তে প্রধান বিষয় নয়, বরং তিনি আবার অভিনয় শুরু করতে আগ্রহী। কঠিন সময়ে তিনি সিনে সংগঠনের মানসিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

নব্বইয়ের দশকে ‘দস্তক’, ‘তামান্না’, ‘জোশ’ এবং ‘খউফ’-এর মতো বহু চর্চিত ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শরদ। তাঁর শারীরিক গঠনের সুবাদে তিনি প্রশংসিত হয়েছিলেন। তবে বর্তমান সময়ে তাঁর সেই গ্ল্যামার হারিয়ে গিয়েছে এবং শরীর স্বাস্থ্যও ভেঙে পড়েছে। এখন দেখার বিষয়, অভিনেতার এই আর্তির পর বলিপাড়ার পরিচালক ও প্রযোজকরা তাঁকে কাজের সুযোগ করে দেন কিনা।