বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
হলিউডে অভিষেক শরদ কাপুরের, কাজের আর্জি জানাতেই সুযোগ মিলল অভিনেতার
ভাইরাল ভিডিওতে কাজের আর্জি জানানোর পরেই হলিউড ছবির প্রস্তাব পেলেন অভিনেতা শরদ কাপুর।
হিন্দি সিনেমায় খলচরিত্রে অভিনয় করে এক সময় পরিচিতি পাওয়া অভিনেতা শরদ কাপুর সম্প্রতি অসুস্থতার কারণে খবরের শিরোনামে এসেছেন। মুম্বইয়ের একটি পশুকল্যাণ কেন্দ্রে তাঁর শীর্ণকায় চেহারার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই তাঁর ভাগ্য বদল হয়েছে। হাতে কাজ না থাকায় তিনি ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ বা সিন্টার কাছে কাজের আবেদন জানিয়েছিলেন। এরপরই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে তিনি নতুন কাজের কথা জানান।
অভিনেতা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই একটি হলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। আগামী জানুয়ারি মাস থেকেই ওই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এই ছবির হাত ধরেই হলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। তবে হলিউডে কাজের সুযোগ পেলেও বলিউড ছাড়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। সুস্থ হয়ে বলিউডেই ফিরতে চান তিনি।
শরদ জানিয়েছেন, টাকা এখানে কোনও বিষয় নয়, তিনি ফের অভিনয়ে ফিরতে চান। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে অনুরাগীদের উদ্বেগের মধ্যে হলিউডের কাজের খবর স্বস্তি এনেছে। সব ঠিক থাকলে আগামী দুই মাসের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন।