বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
উদয়ের গাড়িতে কার্তিক মূর্তি, শুটিং সেটের প্র্যাঙ্কের শিকার অভিনেতা
সহকর্মীদের প্র্যাঙ্কের শিকার হলেন অভিনেতা উদয় প্রতাপ সিং, তাঁর গাড়িতে রাখা হল কার্তিক মূর্তি।
টেলিপাড়ার চেনা মুখ উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। ২০২৩ সালের ২৮ জুন আইনি বিয়ে করেছিলেন এই সেলেব দম্পতি। বর্তমানে দুজনেই শুটিংয়ে ব্যস্ত। এর মাঝেই উদয়ের সঙ্গে এক অদ্ভুত কাণ্ড ঘটালেন তাঁর ধারাবাহিকের সহকর্মীরা। শুটিং সেরে বাড়ি ফেরার সময় উদয়ের গাড়িতে একটি কার্তিক মূর্তি রেখে দেওয়া হয়। ঘুণাক্ষরেও এই বিষয়ে কিছু টের পাননি অভিনেতা। সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করে পুরো বিষয়টি জানান অনামিকা। তিনি জানান, উদয় নিজেই সহকর্মীদের সঙ্গে নানা প্র্যাঙ্ক করতে পছন্দ করেন। কিন্তু এবার তিনি নিজেই দলের প্র্যাঙ্কের ফাঁদে পড়ে গিয়েছেন। স্ত্রীর এই ভিডিও দেখে রীতিমতো হাসির রোল উঠেছে অনুরাগীদের মধ্যে। অনামিকা আরও জানান, এত রাতে পুরোহিত জোগাড় করা সম্ভব হয়নি। তাই মঙ্গলবার সকালেই পুজোর সমস্ত আয়োজন করা হবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, সন্তান আসার কোনো পরিকল্পনা আপাতত নেই। নিয়মানুযায়ী আগামী তিন বছর পুজো করতে হবে তাঁদের। সবমিলিয়ে এই মজার ঘটনাটি বেশ উপভোগ করছেন দম্পতি।