RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ঋণের জালে অনন্ত ও বর্ষা, ব্যাঙ্কের আইনি নোটিস

ঋণের দায়ে আইনি নোটিসের মুখে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।

মাথায় ২২৬ কোটি টাকার বেশি ঋণ। আইনি নোটিসের মুখে বাংলাদেশের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল এবং আফিয়া নুসরাত বর্ষা। একটি বেসরকারি ব্যাঙ্কের দাবি, অনন্তের প্রতিষ্ঠানের কাছে তাদের বকেয়া রয়েছে ২২৬ কোটি ৭৫ লক্ষ ১০ হাজার টাকা। ঋণ শোধ করার আশ্বাস দিয়ে একটি চেক দেওয়া হলেও তা বাউন্স করে। গত ১৮ অক্টোবর ওই চেক ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছিল। এর পরেই ব্যাঙ্কের তরফে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিসে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পুরো টাকা মেটাতে হবে, অন্যথায় আইনি পদক্ষেপ করা হবে। একসময়ে বিলাসবহুল জীবনযাত্রা ও জাঁকজমকের জন্য পরিচিত ছিলেন এই দম্পতি। অভিনেত্রী বর্ষা অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি কখনও একই পোশাক দ্বিতীয়বার পরেন না। কিন্তু বর্তমান পরিস্থিতির ছবিটা সম্পূর্ণ আলাদা। এই বিষয়ে অভিনেতা অনন্ত জলিল জানিয়েছেন, করোনাকালের সময় শ্রমিকদের বেতন ও ভাতা দিতে গিয়ে তাঁকে ঋণ নিতে বাধ্য হতে হয়েছিল। পরবর্তীতে সুদের পরিমাণ বাড়ায় সেই দেনার অঙ্ক ফুলেফেঁপে ওঠে। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক সহযোগিতা না করলে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে জানিয়েছেন তিনি। ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির দুই সন্তান রয়েছে। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন অনন্ত।