পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন্য, জোট প্রস্তাব নিয়ে কটাক্ষ শমীকের
তৃণমূলের জোট প্রস্তাব নিয়ে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে যোগফল শূন্যই হয়।
তৃণমূল কংগ্রেসের তরফে বাম ও কংগ্রেসকে নিয়ে জোট বাঁধার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে যোগফল শূন্যই হয়।
সম্প্রতি প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন মঞ্চে দাঁড়িয়ে সিপিএম ও কংগ্রেসকে জোটের আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি দাবি করেন, বিরোধী দলগুলি একা লড়ার কথা বললেও ঘুরিয়ে তার সুবিধা পাবে বিজেপি। এই মন্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক চর্চা।
শনিবার প্রয়াত কবি শক্তি চট্টোপাধ্যায়ের বেলেঘাটার বাড়ি যান শমীক ভট্টাচার্য। সেখানে অসুস্থ কবিপত্নী মীনাক্ষী চট্টোপাধ্যায়কে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, এরা সবাই পরীক্ষিত এবং পরিত্যক্ত শক্তি। রাজনীতিতে তারা এখন কোণঠাসা। তবে তারা চেষ্টা করতেই পারে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে রাজ্যে শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন শমীক। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আক্রমণ করে তিনি বলেন, কমিউনিস্ট পার্টি এখন একটি নির্দিষ্ট রাজনৈতিক রূপ বদলে অন্য রূপ নিয়েছে।
অন্যদিকে, কুণালের জোট প্রস্তাবের পরেই কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী জানিয়েছিলেন, প্রিয়রঞ্জনের মঞ্চ রাজনৈতিক আলোচনার জায়গা নয়। জোট বা রাজনৈতিক কথাবার্তা পার্টি অফিসে হওয়া উচিত।