পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
দুর্গাপুরে বিজেপি নেতা খুন, মূল অভিযুক্তের বাড়ি ভাঙল প্রশাসন
আইনি অনুমোদন না থাকার কারণ দেখিয়ে দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অভিযুক্তের বাড়ি ভেঙে দিল প্রশাসন।
দুর্গাপুর-ফরিদপুর এলাকায় এক বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে জব্বরপল্লিতে এই অভিযান চালানো হয়। প্রশাসনের দাবি, কোনও আইনি অনুমোদন ছাড়াই ওই নির্মাণ করা হয়েছিল।
গত ১০ নভেম্বর রাতে ওই এলাকায় আক্রান্ত হন স্থানীয় বিজেপি নেতা শ্যাম কুমার দাস। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ বিজয় নন্দী, অজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে নামে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে বিজয় নন্দীই প্রধান অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাড়িটির বৈধ কাগজপত্র না থাকায় আগেই নোটিস দিয়েছিল গ্রাম পঞ্চায়েত। কিন্তু নির্ধারিত সময়ে তার উপযুক্ত উত্তর মেলেনি। এর পরেই সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের বিডিও দেবদ্বীপ বৈরাগীর নেতৃত্বে এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনীর উপস্থিতিতে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। বিডিও দেবদ্বীপ বৈরাগী জানান, সম্পূর্ণ অবৈধভাবে তৈরি হওয়ায় এবং কোনো নথি না থাকায় এই পদক্ষেপ করা হয়েছে।