RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

সরকারি রাস্তা জবরদখল, বিহারে বিজেপি বিধায়কের বাড়িতে বুলডোজার চালাল প্রশাসন

সরকারি রাস্তা ও জবরদখলের অভিযোগে বিহারের এক বিজেপি বিধায়কের বাড়ির পাঁচিল ভেঙে দিল প্রশাসন।

বিহারের এক বিজেপি বিধায়কের পরিবারের বিরুদ্ধে সরকারি জমি দখল করার অভিযোগ উঠল। দ্বারভাঙা জেলার একটি গ্রামে ওই বিধায়কের বাড়ির সামনের বেআইনি পাঁচিল গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা সরকারি রাস্তা, মন্দির এবং নিকাশি নালা জবরদখল করার অভিযোগ তুলেছিলেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ জানানো হয়েছিল। এর পরেই প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে জমি মাপজোক করেন। রাস্তার জমি দখলের সত্যতা পাওয়ার পর বুলডোজার দিয়ে পাঁচিল ভেঙে দেওয়া হয়।

গ্রামবাসীদের একটি অংশের অভিযোগ, বিধায়কের বাবা সরকারি জমির পাশাপাশি ব্যক্তিগত জমিও দখল করেছেন। এমনকি বাধা দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিধায়কের পরিবার। তাঁদের দাবি, এই অভিযোগগুলির কোনও ভিত্তি নেই।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আরজেডি নেতা তেজস্বী যাদব এই বিষয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব তলব করেছেন।