RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নবদ্বীপ ও মায়াপুরের মধ্যে স্থায়ী সেতু, পরিদর্শনে যাচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকরা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই নবদ্বীপ ও মায়াপুরের মাঝে স্থায়ী সেতু গড়ার কাজে নড়চড়ে বসল প্রশাসন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার রেশ ধরে নবদ্বীপ ও মায়াপুরের মাঝে সেতু তৈরিতে নামল প্রশাসন। রবিবার দুই শহরের সংযোগকারী সেতুটির সম্ভাব্য স্থান ও নির্মাণ সংক্রান্ত বিষয়গুলি দেখতে সেখানে পৌঁছবেন রাজ্যের শীর্ষকর্তারা।

গত কদিন আগে নবদ্বীপে রাস উৎসবে যোগ দিয়ে দুই এলাকার মাঝে স্থায়ী সেতু বানানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার পরপরই তৎপরতা শুরু হয় প্রশাসনিক স্তরে। রবিবার নবদ্বীপ ও মায়াপুর অঞ্চল ঘুরে দেখবেন পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায় ও পরিবহণ দপ্তরের প্রধান সচিব সহ একাধিক দপ্তরের আধিকারিকরা। সেতু গড়ার পাশাপাশি নদীভাঙন রোধ, যাতায়াত এবং পর্যটনের উন্নতির দিকগুলিও তারা খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতু। মুখ্যমন্ত্রী সেই দাবি মেনে স্থায়ী সেতু তৈরির কথা ঘোষণা করেন। এছাড়া সেতু তৈরি না হওয়া পর্যন্ত জলপথে আধুনিক লঞ্চ চলাচলের ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। ঘাটগুলির সংস্কার করে পর্যটক উপযোগী করে তোলার নির্দেশ দিয়ে প্রথম ধাপে দুই কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই উচ্চপদস্থ কর্তারা পরিদর্শনে আসছেন। নদিয়া দক্ষিণের বিজেপি সভানেত্রী অপর্ণা নন্দী এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, মানুষ উন্নয়নের আশায় পরিবর্তন চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কাজ শুরু হওয়া অত্যন্ত ইতিবাচক।

রবিবারের এই সফরে প্রস্তাবিত সেতুর স্থান নির্ধারণ ছাড়াও নদীর বর্তমান অবস্থা এবং প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে প্রাথমিক সমীক্ষা হওয়ার কথা রয়েছে। নবদ্বীপ ও মায়াপুরকে আরও উন্নত তীর্থক্ষেত্র হিসেবে সাজিয়ে তুলতে এই সমস্ত কাজ জরুরি বলে মনে করছে প্রশাসন।