RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আন্দুল রোড দখলমুক্ত করতে নির্দেশ, ১০ দিন সময় দিল প্রশাসন

যানজট কাটাতে আগামী ১০ দিনের মধ্যে আন্দুল রোডের সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দিল প্রশাসন।

আন্দুল রোডের যানজট সমস্যা দূর করতে কড়া পদক্ষেপ করল প্রশাসন। হাঁসখালি পোল থেকে ইন্ডিয়ান অয়েল ডিপো পর্যন্ত রাস্তার দুই ধারের বেআইনি দখলদারি সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। শিবপুর সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে স্বেচ্ছায় সরকারি জমি খালি করে দিতে হবে। রাস্তার ধারে গড়ে ওঠা দোকানপাট ও অন্যান্য কাঠামো সরিয়ে ফেলতে বলা হয়েছে ব্যবসায়ীদের। নির্দিষ্ট সময়ের মধ্যে দখলমুক্ত না করলে নোটিস ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

এই নির্দেশিকার পরে চিন্তায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ছোট দোকানের ওপর নির্ভর করে যাঁদের সংসার চলে, তাঁদের কপালে চিন্তার ভাঁজ। অন্যদিকে, এই পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দীর্ঘদিনের যানজট যন্ত্রণা থেকে মুক্তি মিলতে পারে। রাস্তা সংকীর্ণ থাকায় বহু মানুষ এতদিন কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করতেন, যার ফলে সেখানেও জ্যাম তৈরি হত।