RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

মুম্বই বিমানবন্দরে হেনস্থার শিকার, ক্ষোভ উগড়ে দিলেন আদনান শামি

মুম্বই বিমানবন্দরে পাঁচ ঘণ্টা বিমান দেরি এবং কর্মীদের খারাপ ব্যবহারের জেরে তীব্র হেনস্থার মুখে পড়লেন গায়ক আদনান শামি।

দিওয়ালির সময়ে মুম্বই বিমানবন্দরে চরম অব্যবস্থার মুখে পড়লেন জনপ্রিয় গায়ক আদনান শামি। বিমানবন্দরের বিশেষ পরিষেবা এবং এয়ার ইন্ডিয়ার একটি উড়ান ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে গায়ক জানান, মুম্বই বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালে তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার একটি উড়ান প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে চলেছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হলেও বিমান সংস্থা বা সংশ্লিষ্ট পরিষেবার কর্মীরা তাঁকে সময়মতো কিছু জানাননি বলে তাঁর দাবি।

আদনান শামি আরও অভিযোগ করেন, বিমানবন্দরের বিশেষ ‘প্রণাম’ পরিষেবার কর্মীরা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তাঁদের স্বাগত জানানোর কথা থাকলেও কেউ উপস্থিত ছিলেন না। সিকিউরিটি চেকিং শেষ হওয়ার পরেই তাঁদের উড়ান দেরির কথা জানানো হয়। কর্মীরা সাহায্য করার বদলে নিজেদের মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ করেছেন গায়ক।

এই ঘটনার পর আদানি গ্রুপ এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে ট্যাগ করে কড়া বার্তা দিয়েছেন আদনান। এই ধরনের অপেশাদার আচরণ মেনে নেওয়া যায় না বলে তিনি উল্লেখ করেন।