ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
মহারাষ্ট্রে বিমানসেবিকা খুন, গ্রেপ্তার অভিযুক্ত স্ত্রী ও তিন দুষ্কৃতী
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে মহারাষ্ট্রে বিমানসেবিকা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহারাষ্ট্রে ইন্ডিগোর এক বিমানসেবিকার মৃত্যুর ঘটনায় পর্দাফাঁস করল পুলিশ। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ওই তরুণীকে খুন করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী স্ত্রী সহ চারজনকে আটক করেছে পুলিশ।
মৃত তরুণীর নাম বর্ষা তুরকর। তাঁর বয়স পঁয়ত্রিশ বছর। তিনি মধ্যপ্রদেশের বালাঘাটের বাসিন্দা এবং তাঁর একটি সন্তানও রয়েছে। গত ১৪ নভেম্বর মহারাষ্ট্রের গোন্দিয়ার বন্দ্রানী জঙ্গলে একটি নদীর ধার থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বন্ধু রীতেশ অগরওয়ালের সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন ওই বিমানসেবিকা। রীতেশের স্ত্রী মোনা অগরওয়াল তাঁদের সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি। এর পরেই স্বামীকে দূরে সরাতে এবং ওই তরুণীকে শেষ করে দিতে ভাড়া করা লোক লাগান মোনা।
তদন্তে নেমে পুলিশ দেখে, বর্ষার শরীরে ধারাল অস্ত্রের গভীর আঘাত থাকলেও তাঁর বন্ধু রীতেশ সম্পূর্ণ অক্ষত ছিলেন। ডাকাতের হামলার গল্প ফেঁদেও শেষরক্ষা হয়নি। পরে জেরায় সমস্ত তথ্য সামনে চলে আসে। পুলিশ মোনা এবং তাঁর ঠিক করা তিন ঘাতককে পাকড়াও করেছে।