RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

পাঞ্জাবে বিজেপিতে যোগ দিলেন অকালি দলের নেতারা, ভোটের আগে বাড়ছে জল্পনা

পাঞ্জাবে বিধানসভা ভোটের আগে অকালি দলের একাধিক নেতা বিজেপিতে যোগ দেওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

আসন্ন বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে নিজেদের শক্তি বাড়াল বিজেপি। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাহানির উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দিয়েছেন শিরোমণি অকালি দলের বেশ কয়েকজন বিশিষ্ট নেতা। দলবদলকারীদের মধ্যে রয়েছেন অকালি দলের এক প্রাক্তন সহ-সভাপতি এবং এক রাজ্য সাধারণ সম্পাদক। আগামী পাঁচ মাসের মধ্যে পাঞ্জাবে ভোট রয়েছে। তার আগে এই রাজনৈতিক পালাবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

যদিও অতীতে অকালি দলের সঙ্গে দীর্ঘ জোট ছিল বিজেপির। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কৃষক আন্দোলনের জেরে সেই জোটে ছেদ পড়ে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে উভয় দলই আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ব্যর্থ হয়। বর্তমানে আগামী নির্বাচনকে সামনে রেখে দুই শিবিরের মধ্যে নতুন করে জোট গড়ার আলোচনা চলছে। তবে আলোচনার মাঝেই অকালি শিবিরের নেতাদের বিজেপিতে টেনে নেওয়ায় জল্পনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, আসন সমঝোতার আগে নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়াতে এই কৌশল নিয়েছে বিজেপি। একদিকে যেমন জোতের আলোচনা চলছে, তেমনই অন্যদিকে অন্য দল ভেঙে নিজেদের ভিত্তি শক্ত করছে গেরুয়া শিবির। সীমান্তবর্তী রাজ্য এবং দিল্লির নিকটবর্তী হওয়ায় পাঞ্জাব দখলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। অতীতে অকালি দলের সঙ্গে জুনিয়র শরিক হিসেবে সরকার চালালেও, এবার নিজেদের শর্তে শক্তি বাড়াতে চাইছে বিজেপি।