RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

ভোটে জিতলে বেকার ভাতা ৫ হাজার টাকা, ইস্তেহার প্রকাশ অখিলেশের

আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেকার যুবক এবং দলিত ও সংখ্যালঘুদের জন্য বড় প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় ইস্তেহার জনসমক্ষে আনলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। আগামী ২০২৭ সালের এই ভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করেন তিনি। বেকার যুবক ও বয়স্ক মহিলাদের জন্য একাধিক ব্যবস্থার কথা জানানো হয়েছে ওই ইস্তেহারে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নাতক ডিগ্রিধারী তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এরপরও যাঁদের চাকরি জোটে না, তাঁদের বেকার ভাতা হিসেবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে। সমাজবাদী পার্টির দাবি, রাজ্যের প্রায় ২৫ লক্ষ বেকার যুবক-যুবতীকে কাজ দেওয়া হবে।

এছাড়াও দলিত, অনগ্রসর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সরকারি ক্ষেত্রে বরাদ্দ ও টেন্ডারে পঞ্চাশ শতাংশ সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, জোটের শরিক কংগ্রেসকে পাশ কাটিয়েই এই ইস্তেহার ঘোষণা করেছেন সমাজবাদী পার্টির শীর্ষ নেতা।