খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
অনুশীলনে চোট পেলেন আলবার্তো, ডার্বির আগে চোট-আঘাত ও ফিটনেস নিয়ে ভাবনায় মোহনবাগান
রবিবারের ডার্বির আগে শুক্রবারের অনুশীলনে ঘাড়ে হালকা চোট পেয়েছেন মোহনবাগান ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ।
রবিবার ডার্বির আগে শুক্রবার অনুশীলনে ঘাড়ে হালকা চোট পেয়েছেন মোহনবাগান রক্ষণের আলবার্তো রডরিগেজ। কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস তাঁকে সঙ্গে সঙ্গে অনুশীলন থেকে তুলে নেন। তবে চোট মারাত্মক নয় বলেই জানা গিয়েছে। অন্যদিকে, ক্লান্তির কারণে অভিষেক সিংকে অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছে। শনিবারের অনুশীলনের পরই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি প্রথম একাদশে থাকবেন কি না। তাঁর বদলে খেলতে পারেন মেহতাব সিং।
মিগুয়েল ফিগুয়েরা ফিট হয়ে উঠছেন এবং তিনি পুরোদমে অনুশীলন করেছেন। চোট সারিয়ে ফিরেছেন জেমি ম্যাকলারেন ও আপুইয়াও। ফলে দলের আক্রমণভাগ ও মাঝমাঠের সমস্যা অনেকটাই মিটছে। তবে ম্যাকলারেন ও দ্রাজিচরা সুযোগ পেয়েও গোল মিস করায় চিন্তায় রয়েছে দল। চার্চিল ম্যাচেও একই ছবি দেখা গিয়েছিল। ডার্বির আগে এই গোল মিসের সমস্যা নিয়ে সতর্ক কোচ প্যানোস।
টানা পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল লিগ টেবিলে নীচে থাকলেও ডার্বির মতো ম্যাচে নামার আগে কোনও ঝুঁকি নিতে নারোজ দল। শনিবারের শেষ অনুশীলনের পরেই চূড়ান্ত দল ঠিক করবেন কোচ।