কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
নির্ধারিত সময়ের আগেই বিকল্প জল পরিষেবা চালু, টালায় ভোগান্তি অব্যাহত
নির্ধারিত সময়ের আগেই বিকল্প পাইপ দিয়ে জল পরিষেবা চালু হলেও, গতি কম থাকায় উত্তর ও মধ্য কলকাতায় পানীয় জলের সঙ্কট কাটেনি।
সোমবার টালা ট্যাঙ্কের জল সরবরাহের পাইপ ফেটে যাওয়ার পর উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলের সঙ্কট তৈরি হয়। যুদ্ধকালীন তৎপরতায় বিকল্প ব্যবস্থা করে নির্ধারিত সময়ের আগেই জল পরিষেবা চালু করেছে পুরসভা। তবে জলের গতি কম থাকায় বাসিন্দাদের ভোগান্তি এখনও কাটেনি। পুরসভার তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেল থেকেই পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ছিল। মূল ৭২ ইঞ্চি পাইপের ফাটল মেরামতির কাজ সময়সাপেক্ষ হওয়ায় আপাতত ৪৮ ইঞ্চি এবং ১২ ইঞ্জির সাপ্লাই লাইন দিয়ে বাইপাস পদ্ধতিতে জল দেওয়া হচ্ছে। পুরসভা দাবি করেছে পরিষেবা স্বাভাবিক হয়েছে, কিন্তু বাসিন্দাদের অভিযোগ, অধিকাংশ জায়গায় জল আসছে খুব সরু ধারায় বা পর্যাপ্ত পরিমাণে মিলছে না। যতদিন না মূল পাইপলাইনের কাজ শেষ হচ্ছে, এই বাইপাস পদ্ধতিতেই জল সরবরাহ চলবে। ১০৭ বছরের পুরনো টালা ট্যাঙ্কে পলতা থেকে ছ’টি পাইপলাইনের মাধ্যমে জল আসে। এর মধ্যে একটি মূল পাইপে ফাটল ধরায় বিপত্তি ঘটে। এলাকা জলমগ্ন থাকায় ফাটল চিহ্নিত করতে বেগ পেতে হয় কর্মীদের। বিশাল ব্যাসার্ধের এই প্রাচীন পাইপ মেরামত করা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা।