RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

অমিতাভ ও অভিষেক বচ্চনকে খুনের হুমকি, নামাল গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ

সোশাল মিডিয়ায় পোস্ট করে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে খুনের হুমকি দিল গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ।

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চনকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এই হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল টিম এর আগে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলেও হুমকি থামেনি।

সোশাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, বিকাশ ঠাকুর ও দীপক সিং গ্রেপ্তার হলেও তাদের পরিকল্পনা বদলায়নি। মুম্বইতে তাদের অনেক সদস্য সক্রিয় রয়েছে এবং তারা হামলার জন্য প্রস্তুত। বুলেটপ্রুফ কাঁচ বা কেবিন দিয়েও রক্ষা পাওয়া যাবে না বলে দাবি করা হয়েছে। শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য এবং আটের দশকের দাঙ্গায় উসকানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে এই হুমকি দেওয়া হয়েছে।

আটের দশকে শিখ গণহত্যার প্রসঙ্গ টেনে এর আগেও অমিতাভ বচ্চনকে নিশানা করেছে খলিস্তানপন্থী গোষ্ঠী। সেসময়ে অমিতাভের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই পুরোনো প্রসঙ্গ তুলেই এবার গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ বচ্চন পরিবারকে সরাসরি নিশানা করেছে বলে পুলিশ জানিয়েছে।