বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
বেল্ট ছিঁড়ে যাওয়ায় বেঁচে গেলাম, হুমকির মাঝে পোস্টের আসল কারণ জানালেন অমিতাভ
সোশাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের ‘বেঁচে গেলাম’ পোস্ট নিয়ে জল্পনার মাঝে অভিনেতা নিজেই জানালেন এর আসল কারণ।
গত এক মাসে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়েছেন অমিতাভ বচ্চন। কখনও বিষ্ণোই গ্যাংয়ের তরফে তাঁর ‘জলসা’ বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, কখনও আবার খলিস্তানপন্থী জঙ্গিদের ষড়যন্ত্রের কথা সামনে এসেছে। এর জেরে তাঁর নিরাপত্তা আরও বাড়িয়েছে মুম্বই পুলিশ। এরই মাঝে এক্স হ্যান্ডেলে অভিনেতা ‘বেঁচে গেলাম’ লিখেছিলেন, যা নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা।
সোমবারই অমিতাভ ও অভিষেক বচ্চনকে খুনের হুমকি দেয় খলিস্তানপন্থী গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। এর ২৪ ঘণ্টার মধ্যে ‘শিখস ফর জাস্টিস’-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন অমিতাভের বাংলোর বাইরে প্রতিবাদের ডাক দেয়। পান্নুনের সেই হুঁশিয়ারির পরই অভিনেতার পুরনো পোস্ট নিয়ে জল্পনা আরও তীব্র হয়।
অবশেষে এই পোস্টের আসল কারণ খোলসা করলেন অমিতাভ নিজে। একটি নতুন পোস্টে তিনি জানান, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা ‘কেবিসি’র শুটিং চলাকালীন তাঁর প্যান্টের বেল্ট ছিঁড়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে নাড়া বা দড়ি দিয়ে কাজ চালাতে হয় তাঁকে। সেই কথাই তিনি রসিকতা করে লিখেছিলেন। মেগাস্টারের এমন মজার কথায় হেসেছেন অনুরাগীরাও।