ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
পুত্রসন্তান নেই, উত্তরপ্রদেশে জীবিত অবস্থাতেই নিজের শ্রাদ্ধ করলেন অশীতিপর বৃদ্ধ
উত্তরপ্রদেশের বাগপতে জীবিত অবস্থাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করলেন ৮০ বছরের এক বৃদ্ধ।
উত্তরপ্রদেশের এক অশীতিপর বৃদ্ধ জীবিত অবস্থাতেই নিজের মৃত্যুর পরবর্তী অনুষ্ঠান সম্পন্ন করলেন। বাগপতের বারাউত তহশিলের জোহরি গ্রামের বাসিন্দা ৮০ বছরের বালজোর সিং রবিবার নিজের বাড়িতে এই আচার পালন করেন।
সাধারণত পরিবারের মৃত ব্যক্তির মৃত্যুর ১৩ দিন পর ‘তেরভি’ অনুষ্ঠান হয়। যেখানে যজ্ঞ এবং ভোজের আয়োজন করা হয়। বালজোর সিংয়ের সেই অনুষ্ঠানে পাত পেড়ে খেয়েছেন ৯০০ জন আত্মীয় এবং প্রতিবেশী। এর জন্য ৮ জন রাঁধুনি বিভিন্ন নিরামিষ পদ ও মিষ্টি রান্না করেন।
বালজোর সিং জানিয়েছেন, তাঁর কোনও পুত্রসন্তান নেই। একমাত্র মেয়ের যাতে কোনও দায়িত্বের বোঝা বইতে না হয়, সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি নিজের ১০ বছরের নাতি মুকুলকে পাগড়ি পরিয়ে দেন, যা পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতীক।
বৃদ্ধ জানিয়েছেন, তাঁর দুই বিঘা জমি তিনি ইতিমধ্যেই নাতিকে দিয়ে দিয়েছেন। তাঁর এই পদক্ষেপে পরিবারের পক্ষ থেকে সমর্থন মিললেও, মেয়ে ছাড়া কেন এমন আচার এবং নাতিকেই কেন সম্পত্তি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।