RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

ইডেনে অঙ্গকৃষের ঝকঝকে ইনিংস, ছত্তিশগড়কে হারিয়ে জয় মুম্বইয়ের

ইডেন গার্ডেন্সে অঙ্গকৃষ রঘুবংশীর অপরাজিত ৮৪ রানের সুবাদে ছত্তিশগড়কে অনায়াসে হারাল মুম্বই।

ইডেন গার্ডেন্সে সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ছত্তিশগড়কে পরাজিত করল মুম্বই। প্রথমে ব্যাট করে ছত্তিশগড় ১৫৯ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে বিকল্প তিওয়ারি ৪৩ রান করেন। মুম্বইয়ের হয়ে শিবম দুবে তিনটি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই সাত বল বাকি থাকতেই এক উইকেট হারিয়ে ১৬২ রান তুলে ম্যাচ জিতে নেয়। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন অঙ্গকৃষ রঘুবংশী। তিনি ৬৩ বলে অপরাজিত ৮৪ রানের একটি ইনিংস খেলেন, যাতে আটটি চার ও তিনটি ছক্কা ছিল। হার্দিক তামোরে ৪২ এবং মুশির খান ২৯ রানে অপরাজিত থাকেন।

ম্যাচ শেষে অঙ্গকৃষ জানান যে ইডেন গার্ডেমের সঙ্গে তাঁর একটি আত্মিক যোগ রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুবাদে এই মাঠকে নিজের ঘর বলে মনে করেন তিনি। ছত্তিশগড়ের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি তিনটি ক্যাচও ধরেন এই তরুণ ব্যাটার।

কলকাতার অন্য একটি ম্যাচে গুজরাটকে পাঁচ উইকেটে হারিয়েছে বিদর্ভ। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৩ ওভারের ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে গুজরাট ১২৮ রান তোলে। জবাবে বিদর্ভ পাঁচ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে ম্যাচ নিজেদের নামে করে। মুম্বই ও বিদর্ভ উভয়েরই সংগ্রহে রয়েছে ১৮ পয়েন্ট, তবে রান রেটে এগিয়ে রয়েছে সূর্যকুমার যাদবের দল।

এছাড়াও প্রতিযোগিতার অন্যান্য ম্যাচে কয়েকটি অঘটন ঘটেছে। চণ্ডীগড়ের বিরুদ্ধে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় কর্ণাটক। অন্য ম্যাচে পাঞ্জাবের ১৯৫ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নেয় জম্মু-কাশ্মীর। পাশাপাশি সৌরাষ্ট্রকে ২৯ রানে পরাজিত করেছে রেলওয়েজ।