খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
ময়দানে ৬ বলে ৬ ছক্কা, ডবল সেঞ্চুরি করে যুবির স্মৃতি ফেরালেন অঙ্কন
সিএবি-র দ্বিতীয় ডিভিশন ওয়ানডে লিগে এক ওভারে ছ’টি ছক্কা হাঁকিয়ে ও ডবল সেঞ্চুরি করে মোহনলাল ক্লাবকে বিশাল স্কোরে পৌঁছে দিলেন অঙ্কন আইচ।
সিএবি-র দ্বিতীয় ডিভিশন ওয়ানডে লিগে সিএবি-র ময়দানে ব্যাট হাতে নজির গড়লেন মোহনলাল ক্লাবের ক্রিকেটার অঙ্কন আইচ। সাউথ সাবার্বান ক্লাবের বোলার সমুজিৎ সেনের এক ওভারে ছ’টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। যা ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের এক ওভারে ছয় ছক্কার স্মৃতি ফেরাল। শুক্রবার ইডেন গার্ডেন্সের উলটো দিকে কাস্টমস মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মোহনলাল ক্লাব ৪৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭৪ রান তোলে। ওপেনিং জুটিতেই ওঠে ৩২৮ রান। আয়াজ উদ্দিন সিদ্দিক ১২৯ বলে ২০৪ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ৩১টি চার এবং আটটি ছক্কা। অন্য ওপেনার অঙ্কন আইচ ১৩২ বলে ২৩৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ছিল ১৩টি চার এবং ২৫টি ছক্কা।
ইনিংসের শেষ ওভারে আক্রমণে আসেন সাউথ সাবার্বানের সমুজিৎ সেন। সেই ওভারেই প্রথম থেকে আক্রমণাত্মক হয়ে ওঠেন অঙ্কন। প্রথম বলে কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকানোর পর লং অফ, ডিপ মিড উইকেট এবং অন্যান্য অঞ্চলে বল পাঠিয়ে এক ওভারে টানা ছ’টি ছক্কা পূর্ণ করেন তিনি। মোহনলাল ক্লাবের এই বিশাল স্কোরের সামনে বিপক্ষ দল কোণঠাসা হয়ে পড়ে। বোলার সমুজিৎ ৮ ওভারে ৯৩ রান দিয়ে কোনো উইকেট পাননি।