RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলাদেশে ফের গ্রেপ্তার অভিনেতা, আটক টেলি তারকা তমাল মেহবুব

নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগ এবং উসকানিমূলক কার্যকলাপের অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় টেলি অভিনেতা তমাল মেহবুবকে আটক করেছে পুলিশ।

নিষিদ্ধ দলের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে বাংলাদেশে আরও এক অভিনেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার আজিমপুরের বাড়ি থেকে ছোটপর্দার খ্যাতনামা অভিনেতা তমাল মেহবুবকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং উসকানিমূলক কাজের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে তাঁকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিবি বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এর আগে বুধবার রাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ঢাকার বিভিন্ন এলাকায় বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় একাধিক মৃত্যুর খবরও সামনে এসেছে। বিগত সরকারের পতনের পর একটি হোয়াটসঅ্যাপ গোষ্ঠীকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই গোষ্ঠীর মাধ্যমেই দুই তারকার বিরুদ্ধে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। পদ্মাপাড়ে তারকাদের এই ধরপাকড় ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।