RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, সচেতনতার ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে কঠোর আইনের পাশাপাশি সচেতনতা বাড়ানোর ওপর জোর দিলেন স্বাস্থ্যমন্ত্রী।

ওষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির জন্য কর্মচারীদের দায়ী করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, লাইসেন্সধারীদের সমস্যা এড়াতে কড়া আইনের পাশাপাশি সচেতনতার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দোকানের কর্মচারীরা না বুঝে ওষুধ বিক্রি করায় বিপাকে পড়ছেন মূল লাইসেন্সধারী ফার্মাসিস্টরা।

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমান সময়ে জনস্বাস্থ্যের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে শরীরের রোগজীবাণুগুলির ওষুধ সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। এর ফলে ভবিষ্যতে সেই ওষুধগুলি আর কাজ করে না। এই অনিয়ম রুখতে রাজ্যে কড়া আইন থাকলেও আইনের মারপ্যাঁচে আসল ফার্মাসিস্টরা অনেক সময় সমস্যায় পড়েন।

অনুষ্ঠানে উপস্থিত ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিিয়ার সদস্য দেবাশিস ভট্টাচার্য্য জানান, একটিমাত্র সার্টিফিকেটের মাধ্যমে একাধিক দোকান চালানোর অবৈধ প্রবণতাও লক্ষ্য করা গেছে। নিয়ম অনুযায়ী একটি শংসাপত্রের বিপরীতে একটিই দোকান থাকতে পারে। যারা এই নিয়ম ভাঙছেন, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে নজরদারি আরও বাড়াচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।