পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
অসুস্থ আরামবাগের বিজেপি বিধায়ক, এসএসকেএম হাসপাতালে ভর্তি রেখা পাত্রও
কোমর ও পিঠে তীব্র যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ, চিকিৎসাধীন রেখা পাত্রও।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ। রবিবার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তাঁর কোমর ও পিঠে তীব্র ব্যথা শুরু হয়। প্রথমে তাঁকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার সেখানে গিয়ে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় নিয়ে আসেন। সেই সময় পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও সেখানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ও নির্দেশে তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, খাদ্যে বিষক্রিয়ার জেরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও তিনি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন। চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন এবং কথা বলারও চেষ্টা করেছেন। তবে বিষক্রিয়ার ফলে তাঁর ফুসফুসে সমস্যা দেখা দেওয়ায় এখনও তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে।