বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
দত্তপুকুরের মঞ্চে অরিজিতের মতো দেখতে যুবক, শোরগোল সোশাল মিডিয়ায়
অরিজিৎ সিংয়ের মতো দেখতে এক যুবককে মঞ্চে ঘিরে ধরলেন দর্শকরা, ভাইরাল হল সেই ঘটনার ভিডিও।
অরিজিৎ সিংয়ের সঙ্গে চেহারায় অদ্ভুত মিল। আচমকা তাঁকে মঞ্চে দেখতে পেয়ে ভিড় জমান সাধারণ মানুষ। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক অনুষ্ঠানে এমন ঘটনাই ঘটেছে। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর ঝাঁকড়া চুল, চোখে চশমা ও হালকা দাড়ির স্টাইল হুবহু জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের মতো। তাঁকে দেখেই গায়ক বলে ভুল করেন উপস্থিত দর্শকরা। ছবি তুলতে এবং সেলফি তুলতে তাঁর দিকে এগিয়ে যান অনেকে। তবে কাছে যাওয়ার পরই ভুল ভাঙে সবার। জানা যায়, ওই যুবকের নাম প্রদীপ্ত ঘোষ। তিনি বসিরহাট পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের থলতিথার বাসিন্দা। পেশায় তিনি টোল ট্যাক্সের কর্মী। তবে গানের জগতেও তাঁর যাতায়াত রয়েছে। দত্তপুকুরের একটি মঞ্চে গান গাইতে এসেছিলেন তিনি। মঞ্চে তাঁর হাবভাব এবং গান শুনে আপ্লুত হয়ে পড়েন দর্শকরা। আসলের নাগাল না পেলেও নকল অরিজিৎকে কাছে পেয়ে ছবি তোলার হিড়িক পড়ে যায়। সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।