পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
সেনাকর্তার কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার এক সেনাকর্মী
সেনাকর্তার নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহ করার অভিযোগে এক সেনাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতের নির্দেশ পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
সেনাকর্তার নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে এক সেনাকর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি সেনা আবাসন চত্বরে ভাইয়ের সঙ্গে খেলছিল ওই শিশুটি। সেই সময়েই এই ঘটনা ঘটে। অভিযোগ, অভিযুক্ত সেনাকর্মী শিশুটিকে নিগ্রহ করে। ঘটনার পর ভয়ে ভাইয়ের সঙ্গে নিজের ফ্ল্যাটে ফিরে আসে নির্যাতিতা। পরে পরিবারের লোকজনকে পুরো বিষয়টি খুলে বলে সে।
পরিবার সূত্রে খবর, ঘটনার পরেই আবাসন চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এরপরেই রবিবার রাতে হেস্টিংস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে।
তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত সেনাকর্মীকে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সরকারি আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত অভিযুক্তকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।