RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

শেহওয়াগপুত্রের ১৬০ রান, এশিয়া কাপে আমিরশাহীকে হারিয়ে সেমিফাইনালের পথে ভারত

বাবার মতোই মারকুটে ইনিংস খেলে ছোটদের এশিয়া কাপে ভারতের জয়ে বড় ভূমিকা নিলেন আর্যবীর শেহওয়াগ।

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ছোটদের এশিয়া কাপে অনবদ্য জয় পেল ভারতীয় দল। পাকিস্তানের কাছে আগের ম্যাচের হারের বদলা নিয়ে আমিরশাহীকে ৭০ রানে হারিয়ে দিল ভারত। এই জয়ে সেমিফাইনালে খেলা একপ্রকার নিশ্চিত হয়ে গেল ভারতের।

এদিন আমিরশাহীর বিরুদ্ধে মারকুটে ১৬০ রানের ইনিংস খেলেন বীরেন্দ্র শেহওয়াগের পুত্র আর্যবীর শেহওয়াগ। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর এদিন শুরুটা একটু দেখেশুনে করেন তিনি। পিচে স্পিনাররা সাহায্য পাচ্ছিলেন এবং বল নিচু হচ্ছিল। প্রথম ফিফটি করতে ৬৯ বল খেলেন আর্যবীর। পরে শতরান পূর্ণ করেন ১৩৯ বলে।

শতরানের পরেই নিজের চেনা ছন্দে ফেরেন আর্যবীর। শেষ পর্যন্ত ১৬৮ বলে ১৬০ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি। শেষ দিকে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ভারত নির্ধারিত ওভারে ৩১০ রান তোলে। এছাড়া ভিকে বিনীত ৬৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় অবশ্য মাত্র ১২ রান করে আউট হন।

জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহী ২৩৯ রান তুলতে সক্ষম হয়। ভারতের হয়ে বোলিংয়ে সফল হন ঈশান সুদ, তিনি ৩টি উইকেট নেন। এই বড় জয়ের ফলে প্রতিযোগিতার সেমিফাইনালের টিকিটের কাছাকাছি পৌঁছে গেল ভারত।