RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার আসাদউদ্দিন ওয়েইসিকে

উত্তরপ্রদেশের সহারনপুরে সুপ্রিম কোর্টের বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে।

উত্তরপ্রদেশের সহারনপুরে সুপ্রিম কোর্টের বিচারপতি ভেবে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। ভুলবশত এই ঘটনা ঘটার পরে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

শনিবার সহারনপুর সার্কিট হাউসে পৌঁছন ওয়েইসি। সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতির পৌঁছানোর কথা ছিল। কিন্তু তাঁর আগেই গাড়ি নিয়ে সার্কিট হাউসে পৌঁছে যান ওয়েইসি। তাঁর কনভয় ও দেহরক্ষী দেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা তাঁকে বিচারপতি বলে ভুল করেন। এর পরেই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। অত্যন্ত বিনীতভাবে সেই সম্মান গ্রহণও করেন ওয়েইসি।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সহারনপুরে গিয়েছিলেন ওয়েইসি। সেখানে আজাদ সমাজ পার্টির প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদের সঙ্গে তাঁর বৈঠক ছিল। আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে তাঁরা জোট বেঁধে লড়ছেন। সার্কিট হাউসে আজাদও উপস্থিত ছিলেন।

এই ঘটনার জেরে নিরাপত্তা প্রোটোকল এবং জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।