RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

জ্যোতিষীর বাড়িতে ডাকাতি, ৩০ লক্ষ টাকার সোনা ও নগদ লুঠ ত্রিবেণীতে

হুগলির ত্রিবেণীতে এক জ্যোতিষীর বাড়ি থেকে নগদ ও সোনা মিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার সম্পত্তি লুঠ হয়েছে।

হুগলির ত্রিবেণীতে এক জ্যোতিষীর বাড়িতে দরজা ভেঙে চুরির ঘটনা ঘটল। বুধবার সন্ধের এই ঘটনায় নগদ ও সোনা মিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার সম্পত্তি লুঠ হয়েছে বলে অভিযোগ।

ত্রিবেণী ঘাটের কাছে বাড়ি জ্যোতিষী জয়দেব বৈরাগীর (যিনি জয়দেব শাস্ত্রী নামেও পরিচিত)। তাঁর বাড়িতে শয্যাশায়ী মা রয়েছেন। বুধবার রাত আটটা নাগাদ স্ত্রী ও ছেলেকে নিয়ে ত্রিবেণী বাজারে ফুল ও মিষ্টি কিনতে গিয়েছিলেন তিনি। কিছু সময় পরে তাঁরা বাড়ি ফিরে দেখেন সদর দরজার তালা ভাঙা রয়েছে। ঘরের আলমারি খোলা এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

জ্যোতিষীর দাবি, নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ভরসন্ধেয় এই ঘটনায় ভেঙে পড়েছে পরিবারটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় সম্প্রতি একাধিক চুরির ঘটনা ঘটেছে। এলাকার এক বাসিন্দা মৌমিতা রজক পুলিশি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগড়া থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।