ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
অসমের গোলাঘাটে ভয়াবহ দুর্ঘটনা, কন্টেনারের সঙ্গে ধাক্কায় মৃত ২৩
অসমের গোলাঘাটে কন্টেনারের সঙ্গে যাত্রীবোঝাই ট্র্যাভেলারের মুখোমুখি সংঘর্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু। কাজিরাঙা অভয়ারণ্যের কাছে এই দুর্ঘটনা ঘটে।
অসমের গোলাঘাট জেলায় একটি কন্টেনারের সঙ্গে যাত্রীবোঝাই ট্র্যাভেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ২৩ জনের। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। কাজিরাঙা অভয়ারণ্যের কাছে ৭১৭ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কোহরা রেঞ্জের হাতিকুলি চা বাগানের কাছে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্র্যাভেলারটি দুমড়ে-মুচড়ে যায় এবং তার ভেতরে বহু যাত্রী আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
আহতদের উদ্ধার করে কোহরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, আহতদের মধ্যে কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই পথদুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, শোকার্ত পরিবারের পাশে রয়েছে প্রশাসন। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণের বিষয়টি তদারকি করছেন।