পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বারাসাতে প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে হামলা, শোভাযাত্রা থেকে ভাঙচুরের অভিযোগ
কালীপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রা থেকে বারাসাত পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল।
কালীপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রা থেকে উত্তর ২৪ পরগনার বারাসাতে এক প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
বারাসাতের শ্রীকৃষ্ণপুর শিমূলতলা এলাকায় এই ঘটনা ঘটে। আক্রান্ত নেতা তথা বারাসাত পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান তাপস দাশগুপ্ত অভিযোগ করেছেন, স্থানীয় একটি কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা যখন তাঁর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, সেই সময় কয়েকজন যুবক আচমকা লাঠি ও পাথর নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন।
তাঁর আরও অভিযোগ, হামলাকারীরা তাঁকে গালিগালাজ করার পাশাপাশি বাড়ির প্রধান ফটকও ভাঙচুর চালায়। এক দফায় নয়, মোট দু'দফায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা।
এই ঘটনার পর নিরাপত্তা ও আইনি পদক্ষেপের দাবিতে বারাসাত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তাপস দাশগুপ্ত। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।