খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
অস্ট্রেলিয়া ডারবান টেস্ট থেকেই বল বিকৃত করেছিল, দাবি ডি’ভিলিয়ার্সের
আট বছর আগের ‘স্যান্ডপেপার গেট’ নিয়ে মুখ খুলে এবি ডি’ভিলিয়ার্স দাবি করেছেন যে কেপটাউনের আগেই ডারবান টেস্ট থেকে বল বিকৃতি শুরু করেছিল অস্ট্রেলিয়া।
আট বছর আগের ‘স্যান্ডপেপার গেট’ বিতর্ক নিয়ে নতুন করে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। তাঁর দাবি, ২০১৮ সালের কেপটাউন টেস্টের অনেক আগেই, সিরিজের প্রথম ডারবান টেস্ট থেকেই বল বিকৃত করা শুরু করেছিল অস্ট্রেলিয়া দল।
সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খোয়াজার আত্মজীবনী ‘স্যাবর’ প্রকাশের পর থেকেই এই পুরনো বিতর্ক নতুন করে শুরু হয়েছে। খোয়াজার দাবি অনুযায়ী, কেপটাউনের ঘটনায় শুধুমাত্র স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নারকে বলির পাঁঠা করা হয়েছিল। কারণ এই পুরো পরিকল্পনার সঙ্গে পুরো দলই যুক্ত ছিল। খোয়াজার এই দাবির পরেই অস্ট্রেলীয় ক্রিকেটে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়েছে। এক দিকে ওয়ার্নার ও ব্যানক্রফটরা খোয়াজার পাশে দাঁড়ালেও, অন্য দিকে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডরা সেই দাবি অস্বীকার করেছেন।
এই সমস্ত বিতর্কের মধ্যেই সোমবার নিজের পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেন ডি’ভিলিয়ার্স। তিনি জানান, ডারবান টেস্টে অস্ট্রেলিয়া দল বল বিকৃত করেছিল। তাঁর মতে, ডারবানে ম্যাচ হেরে যাওয়ার সময় যেভাবে অদ্ভুতভাবে বল রিভার্স সুইং করছিল, তা স্বাভাবিক ছিল না। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটারের দাবি, গোটা অস্ট্রেলিয়া দলই এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং প্রত্যেকেই বিষয়টি জানত।