RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে বৈঠক, রাজ্যে বিনিয়োগ নিয়ে জল্পনা

অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিনের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

ভারতের নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিনের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার সকালেই বিধাননগরের রাজ্য বিজেপির কার্যালয়ে এসে পৌঁছন ফিলিপ গ্রিন। তাঁকে স্বাগত জানান শমীক। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে খবর। পশ্চিমবঙ্গের উন্নয়নে সবরকম সাহায্য করতে অস্ট্রেলিয়া প্রস্তুত বলে জানিয়েছেন ফিলিপ। সেই দেশের বাঙালিদের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলেই জানানো হয়েছে। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের শিল্প ও কর্মসংস্থান নিয়ে ইতিমধ্যেই জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্যরা বেকারত্ব কমাতে নানা উদ্যোগ নিয়েছেন। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিনিয়োগের সম্ভাবনা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।