RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

জলবায়ু সম্মেলনে মাইক্রোফোন অন রেখেই রসিকতা, বিতর্কে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলন চলাকালীন মাইক্রোফোন অন রেখেই রসিকতায় জড়ালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।

তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলন COP31 চলাকালীন মাইক্রোফোন অন রেখেই ব্যক্তিগত রসিকতায় জড়ালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এবং পরিবেশমন্ত্রী ক্রিস বোয়েন। গত শুক্রবার তুরস্কের অ্যানাতোলিয়ায় এই ঘটনা ঘটে। বক্তব্যের পর নিজেদের আসনে ফিরে দু'জনে কথোপকথন শুরু করেন, তবে মাইক্রোফোন বন্ধ করতে ভুলে যান। ফলে তাঁদের সেই আলাপচারিতা সম্মেলনকক্ষে উপস্থিত সকলের কানে যায়।

আলোচনা শুরু হয়েছিল মোবাইল ফোন কোথায় রাখা উচিত তা নিয়ে। ক্রিস বোয়েন জানান তিনি শার্টের বুকপকেটে ফোন রাখেন। জবাবে অ্যালবানিজ জানান, বুকপকেটে ফোন রাখা নিরাপদ নয়, এর কম্পন হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে। ট্রাউজারের পকেটে ফোন রাখা অনেক নিরাপদ বলে পরামর্শ দেন তিনি। ক্রিস তাতে অভ্যস্ত নন বলে জানান। এরপরই অ্যালবানিজ একটি রসিকতা করেন যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

সম্মেলনকক্ষে উপস্থিত সকলে এই কথোপকথন শুনতে পান। পরে মাইক্রোফোন অন থাকার বিষয়টি বুঝতে পেরে অস্বস্তিতে পড়েন দুই নেতা। অস্ট্রেলিয়ার প্রশাসনের এক মুখপাত্র দাবি করেন, গুরুগম্ভীর বৈঠকের মাঝে পরিবেশ হালকা করার জন্যই তাঁরা সামান্য ঠাট্টা করেছিলেন। তবে এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। ২০১৫ সালেও অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী টোনি অ্যাবট এক বৈঠকে অনুরূপ অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন।