RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

অটো বিভ্রাটে চরম ভোগান্তি, বালিগঞ্জে আটকে হাজার হাজার যাত্রী

পারমিট নিয়ে বিবাদের জেরে বালিগঞ্জ ও আলিপুর রুটে অটো চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রীরা।

পারমিটহীন অটো চালানোকে কেন্দ্র করে বালিগঞ্জ ও আলিপুর জাজেস কোর্ট রুটে অটোর সার্ভিস বন্ধ রইল। মঙ্গলবার সারাদিন এই রুটে প্রায় কয়েক হাজার নিত্যযাত্রী চরম হয়রানির শিকার হন। চালকদের দুই গোষ্ঠীর মধ্যেকার বিবাদের জেরে এই পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রুটে অটো চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে মারাত্মক সমস্যায় পড়তে হয়। পুরনো চালকদের একাংশের অভিযোগ, পনেরো থেকে কুড়িটি নতুন অটো পারমিট ছাড়াই মাঝপথ থেকে যাত্রী তুলছে। অন্যদিকে নতুন চালকদের দাবি, তাঁদের লাইসেন্স আগে থেকেই রয়েছে। তাঁদের অভিযোগ, তৃণমূল জমানায় তাঁরা বালিগঞ্জ রুটে ঢুকতে পারেননি এবং এখন বিভিন্ন দলের বিরোধীরা বিজেপি সেজে তাঁদের বাধা দিচ্ছে।

শহরে অটোচালকদের দৌরাত্ম্য এবং নিত্যযাত্রীদের নানা সমস্যায় পড়ার ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী তোলা, ট্রাফিক নিয়ম ভাঙা থেকে শুরু করে ভাড়ার খুচরো নিয়ে বচসা—প্রতিদিন নানা ভোগান্তির মুখোমুখি হতে হয় যাত্রীদের।