RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

নেতৃত্ব ছাড়তে ইচ্ছুক অক্ষর প্যাটেল, দিল্লি ক্যাপিটালসের অন্দরে নতুন জল্পনা

আইপিএলের আগামী মরশুমের আগে অধিনায়কত্ব নিয়ে দ্বিধায় অক্ষর প্যাটেল, তাঁকে ধরে রাখতে তৎপর দিল্লি ম্যানেজমেন্ট।

আইপিএলের আগামী মরশুমের আগে দিল্লি ক্যাপিটালসের অন্দরে অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শোনা যাচ্ছে, দলের নেতৃত্বভার আর বইতে রাজি নন অক্ষর প্যাটেল। তাঁর এই অনীহা নিয়ে বেশ চাপে রয়েছে ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট। দিল্লি ক্যাপিটালসের অন্দরমহল সূত্রে খবর, অক্ষরকে অধিনায়ক হিসেবেই রেখে দিতে চাইছে দল। তাঁকে বোঝানোর চেষ্টা চলছে। তবে অক্ষরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়েছে। গত দু’টি মরশুমে দল প্লেঅফে পৌঁছাতে পারেনি। এছাড়া ২০২৬ সালের আইপিএলে ১৪টি ম্যাচ খেলে তিনি ১৭৩ রান করেছেন এবং ১১টি উইকেট নিয়েছেন। নেতৃত্বের চাপ তাঁর ব্যক্তিগত খেলায় প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি অক্ষরকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল। দিল্লির কাছে একাধিক প্রস্তাবও এসেছিল। কিন্তু দিল্লি কর্তৃপক্ষ সেই সব প্রস্তাব খারিজ করে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজির মতে, অক্ষর দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিলাম শেষ না হওয়া পর্যন্ত অধিনায়ক নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দিল্লির কোচিং বিভাগে বড় পরিবর্তন এসেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় এখন দলের হেড কোচ। তাঁর সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিয়েছেন যুবরাজ সিং, চামিন্ডা ভাস এবং অমিত মিশ্র। এছাড়া লখনউ সুপার জায়ান্টস থেকে দিল্লি ক্যাপিটালসে ফিরে এসেছেন ঋষভ পন্থ। এখন দেখার, সৌরভেরা শেষ পর্যন্ত অক্ষরকে অধিনায়ক হিসেবে ধরে রাখতে পারেন কি না।