বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
রামায়ণের ভিএফএক্সে নজর কাড়লেন, বহরমপুরের তরুণের ছোঁয়ায় জীবন্ত অযোধ্যা
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির ভিএফএক্স ও মডেলিং বিভাগে কাজ করে নজর কাড়লেন বহরমপুরের তরুণ সৌরদীপ দে।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির ভিএফএক্স ও মডেলিং বিভাগে কাজ করে তাক লাগিয়ে দিলেন মুর্শিদাবাদের বহরমপুরের তরুণ সৌরদীপ দে। মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই বিগ বাজেট ছবি। ছবির সিংহভাগ জুড়েই রয়েছে সিজিআই বা কম্পিউটার জেনারেটেড ইমেজের কারসাজি। আর সেই কাজের মাধ্যমেই দেশজুড়ে দর্শকদের নজর কেড়েছেন বাংলার এই ভিএফএক্স শিল্পী।
পেশায় ভিএফএক্স আর্টিস্ট সৌরদীপ গত পাঁচ বছরে প্রায় ২৫টি ছবিতে কাজ করেছেন। যার মধ্যে বেশিরভাগই হলিউডের এবং বেশ কয়েকটি বলিউডের ছবি রয়েছে। অতীতে ‘কল্কি ২৮৯৮ এডি’র মতো ছবিতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে বিল্ড বা মডেলিং টিমের ডিজাইনিং অংশে গুরুদায়িত্ব সামলেছেন তিনি।
জানা গিয়েছে, এই ছবিতে রাবণের লঙ্কা দখল থেকে শুরু করে রাবণের অস্ত্র চন্দ্রহাস এবং অযোধ্যার বেশ কিছু পরিবেশ ফুটিয়ে তোলার কাজ করেছেন সৌরদীপ। কুবেরের থেকে রাবণ লঙ্কা দখল করার পর তার সেট তৈরির কাজের একটা অংশে হাত ছিল তাঁর। সৌরদীপ জানান, এই ছবির প্রায় নব্বই শতাংশই সম্পূর্ণ থ্রিডিতে তৈরি এবং এতে বিভিন্ন ধরনের আধুনিক সফটওয়্যার ও টুলস ব্যবহার করা হয়েছে। ছবির আগামী পর্বগুলিতে আরও অনেক কাজ দেখতে পাবেন দর্শকরা।